অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে বিতর্কের মধ্যে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা; সংবাদ সম্মেলনে যোগ দিতে জাতীয় প্রেসক্লাবে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন তিনি
অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানো নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি জাতীয় প্রেসক্লাবে প্রবেশ করেন। এ সময় ইশরাকের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁরা বলেন, ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘রাজপথের ইশরাক ভাই, তোমার কোনো ভয় নাই’ এবং ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
অস্ত্র হাতে অভিযান নিয়ে বিতর্ক
শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। একটি ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে অভিযানে অংশ নিতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।
প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। এ বিষয়ে রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, “আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।”
পদত্যাগের নির্দেশের খবরের মধ্যে ঘোষণা
এরপর রোববার রাতে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। বিএনপির একাধিক নেতাকর্মীকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর শেয়ার করতে দেখা যায়।
সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানান, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে তিনি সংবাদ সম্মেলনে আসছেন।
ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য লেখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”
‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’
ফেসবুকে তাঁর পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে কিছু মানুষের উল্লাস প্রকাশের বিষয়েও খেদ জানান ইশরাক। তিনি লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম।”
তিনি আরও লেখেন, “আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
নিজের ভবিষ্যৎ কর্মকাণ্ডের বিষয়ে তিনি আরও লেখেন, “পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।”
পোস্টের শেষে তিনি লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

