আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর আগমন ও সম্ভাব্য মতবিনিময় সভাকে কেন্দ্র করে নগর ভবনের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গৃহীত প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো পরিদর্শন করেন তিনি।
দীর্ঘ ১০ বছর পর রাজধানীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং আধুনিকায়ন করা ঐতিহাসিক ওসমানী উদ্যান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগর ভবনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগর ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএসসিসি। প্রধানমন্ত্রীর আগমন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট প্রস্তুতিগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নগর ভবনে সাজসজ্জা, আলোকসজ্জা ও নিরাপত্তাসহ বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে শেষ মুহূর্তের কার্যক্রম সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

