পটুয়াখালীর বাউফলে জনদুর্ভোগ নিরসন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ দফা দাবি জানিয়েছে বাউফল সিনিয়র সিভিল সোসাইটি।
রোববার (১৮ অক্টোবর) সকালে সংগঠনটির নেতারা বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের কাছে লিখিতভাবে এসব দাবি তুলে ধরেন।
সংগঠন সূত্রে জানা গেছে, পঞ্চাশোর্ধ্ব বয়সী শিক্ষিত ও সচেতন নাগরিকদের নিয়ে বাউফল সিনিয়র সিভিল সোসাইটি নামে একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন গঠন করা হয়েছে। বাউফলের সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—কালাইয়া থেকে বগা পর্যন্ত নুরাইনপুর ও কনকদিয়া হয়ে যাওয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খালটি পুনঃখনন; কাগজিরপুল থেকে ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত বিকল্প (বাইপাস) সড়ক নির্মাণ; জনগণকে স্বল্প খরচে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে বাউফলে ফৌজদারি ও দেওয়ানি আদালত পুনরায় চালু করা।
এ ছাড়া বাউফল পৌরশহরের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পৌরশহরে দূরপাল্লার বাস, ট্রাক, ট্রলি ও টমটম প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কার্যালয় নির্মাণ এবং জনস্বার্থে একটি হাসপাতাল নির্মাণের জন্য একখণ্ড খাসজমি বরাদ্দের দাবি করা হয়েছে।
এ সময় বাউফল সিনিয়র সিভিল সোসাইটির আহ্বায়ক ও বাউফল প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, সদস্য হারেজ মাস্টার, বাউফল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাইফুল ইসলাম সেলিম ও কায়েস মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন,দাবিগুলোর ব্যাপারে উপজেলা পরিষদ সভায় আলোচনা করা হবে।

