অনুসরণ করুন:
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘ঘুরেফিরে এক’, বিরোধী দলকে নিয়ে পানিসম্পদমন্ত্রী এ্যানির মন্তব্য

হরতাল-অবরোধকারীদের সঙ্গে বর্তমান বিরোধী দলের সখ্যের অভিযোগ; রাজনৈতিক লড়াই শেষ করে এখন জীবনযুদ্ধে মনোযোগ দেওয়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

যারা একসময় হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার কথা বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, “একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা এই হরতাল-অবরোধ করে তখন শান্তিতে থাকতে দেব না, অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে এক।”

বিরোধী দলের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন

সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে বলে মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, “আমরা যারা সরকারি দল, আমাদের যেমন নৈতিক দায়িত্ব আছে, আমাদের যেমন কমিটমেন্ট আছে, ঠিক বিরোধী দলে যারা আছেন তাদেরও তো নৈতিক দায়িত্ব আছে, কমিটমেন্ট আছে।”

তিনি আরও বলেন, “তাহলে যেদিন আমরা শপথ নিয়েছি, যেদিন আমরা দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে এখন পর্যন্ত কতটুকু দায়িত্ব বিরোধী দল পালন করেছে, এটাও তো বিবেচনার দাবি রাখে। তাহলে আজকে কেন লংমার্চ দিতে হবে? কেন রোডমার্চ করতে হবে?”

রাজনৈতিক লড়াই শেষে জীবনযুদ্ধে মনোযোগের আহ্বান

রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, “খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি। জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে। আবার যেন রাজনৈতিক যুদ্ধ আমাদের করতে না হয়।”

শান্তি, সম্প্রীতি ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “শান্তি, সম্প্রীতি এবং নাগরিক সুবিধা আদায় করে নিয়ে ইজ্জত-সম্মানের সঙ্গে যেন সবাই মিলেমিশে থাকতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা এবং সভাপতি বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন