শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হাইতিতে গ্যাং দমনে জাতিসংঘ মিশনে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্য

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ সদস্য দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা হাইতির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা প্রতিষ্ঠা ও গ্যাং-সংশ্লিষ্ট সহিংসতা মোকাবিলায় গঠিত এই বাহিনীতে অংশগ্রহণের লক্ষ্যে অগ্রবর্তী দলটি পাঠানো হয়েছে।

হাইতির উদ্দেশ্যে যাত্রার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে গমনকারী সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মিশনে দায়িত্ব পালনের সময় সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার গুরুত্বও তুলে ধরা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এই অগ্রবর্তী দলের যাত্রাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শান্তি প্রতিষ্ঠায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্ব অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন