দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজালবিরোধী কার্যক্রম জোরদারের উদ্যোগের অংশ হিসেবে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটি পরিদর্শন করেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে প্রধানমন্ত্রী খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারটির কার্যক্রম, খাদ্যের মান যাচাই এবং দেশের বিভিন্ন এলাকায় নমুনা পরীক্ষা ও তদারকির উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমে ভ্রাম্যমাণ পরীক্ষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় এসব পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাদ্যের মান যাচাই ও ভেজাল শনাক্তকরণের পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলো ব্যবহার করা হচ্ছে। এসব ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচারের ব্যবস্থাও রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগারবাহী গাড়ি সংগ্রহের কার্যক্রম চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে খাদ্যের নমুনা পরীক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রীর এ পরিদর্শন নিরাপদ খাদ্য পরীক্ষার কার্যক্রম ও ভেজালবিরোধী উদ্যোগের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

