রবিবার, ৪ অক্টোবর ২০২৬

শাহরিয়ারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সম্পত্তি উদ্ধারের দাবি স্থানীয়দের

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর মামলায় কারাগারে থাকা মাওলানা শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে নোয়াখালীতে ওয়াকফ এস্টেট ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ সালেহপুর মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা এসব অভিযোগ করেন। একই সঙ্গে তারা কথিত দখলদারিত্বের প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সম্পত্তি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দক্ষিণ সালেহপুর গ্রামের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের ওয়াকফ সম্পত্তি—দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৫০৩), দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৭৫১) এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৪২৯)—দখলে রাখার অভিযোগ রয়েছে শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, আদালতের স্থগিতাদেশ ও ওয়াকফ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ওই সম্পত্তিতে ঘরবাড়ি, টয়লেটসহ বিভিন্ন স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অকার্যকর কমিটির দোহাই দিয়ে ভুয়া রশিদ বইয়ের মাধ্যমে দীর্ঘদিন অর্থ উত্তোলন ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সরকারি তদন্ত দল সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে। তবে দীর্ঘদিনেও এ বিষয়ে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তারা শাহরিয়ার মাহমুদ বর্তমানে কারাগারে থাকায় তার বিরুদ্ধে ওঠা ভূমি দখলের অভিযোগগুলো তদন্ত করে ওয়াকফ এস্টেটের বেহাত সম্পত্তি উদ্ধারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ঢাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর ও হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় ভুক্তভোগী ও মুসল্লিরা প্রকাশ্যে এসব অভিযোগ তুলে ধরার সুযোগ পেয়েছেন। তারা শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে ভূমি দখল ও ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, শাহাদাত হোসেন শিপন, মো. মানিক, মো. রুহুল আমিন, রায়হান খান নান্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

তবে শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর স্বাধীন যাচাই বা সংশ্লিষ্ট নথিপত্রের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন