সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জিরা বহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখার একটি দল গোয়াইনঘাট থানাধীন কামাইদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ বস্তায় মোট ৩ হাজার ৬০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা। এ ছাড়া জিরা পরিবহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোয়াইনঘাট উপজেলার নয়াখেল গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. আল আমিন (২৫) এবং রাধানগর গ্রামের কামাল উদ্দীনের ছেলে ইমন আহমদ (২২)।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

