অনুসরণ করুন:
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাণিজ্য-বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা; কোরিয়ার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আমন্ত্রণ পৌঁছে দেবেন হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে সরকার অত্যন্ত গুরুত্ব দেয়। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন দক্ষিণ কোরিয়া সফর নিয়েও আলোচনা হয়। সফরকালে তিনি দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ব্যক্তিগতভাবে পৌঁছে দেবেন হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রদূত কিম জি-জুন। তিনি এটিকে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, তাঁর আসন্ন সফর দুই দেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের যোগাযোগ ও নতুন সহযোগিতার সুযোগ তৈরি করবে।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়েও আলোচনা হয়। সিইপিএর আলোচনা সম্পন্ন হওয়াকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, চুক্তিটি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকস এবং অন্যান্য উচ্চমূল্য সংযোজন ও প্রযুক্তিনির্ভর শিল্পে কোরীয় বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান অংশীদারত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে তাঁর দেশের আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে দুই পক্ষ বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক আরও গভীর করা এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন