রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার কাছের সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বাড়ায় স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর থেকে আনাক ক্রাকাতাউ ১৫০ কিলোমিটারের বেশি দূরে হলেও এর ছাই বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজির তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত থেকে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। রোববার আরও দুটি অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাভার দিকে ছাই প্রায় ২০ হাজার ফুট এবং সুমাত্রা ও বানতেন প্রদেশের কিছু এলাকার আকাশে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছেছে। আগ্নেয় ছাই উড়োজাহাজের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

এর আগের দফায় বিমান চলাচল স্থগিতের কারণে অন্তত ৩৩টি ফ্লাইট প্রভাবিত হয়। এর মধ্যে ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং সাতটি বিলম্বিত হয়।

জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতাউ ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন