শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সততা-নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে ওঠার আহ্বান আইজিপির

শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে পুলিশ হেডকোয়ার্টার্স এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইজিপি বলেন, শিক্ষার্থীদের দেওয়া সম্মাননা শুধু একটি পুরস্কার নয়; এটি তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যতের প্রতি পুলিশের আস্থার প্রতীক। মেধা মানুষকে এগিয়ে নেয়, কিন্তু সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে।

তিনি বলেন, ‘শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না, ভালো মানুষও হতে হবে।’ জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের উজ্জীবিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

মাদকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে আইজিপি বলেন, সাময়িক কৌতূহল বা প্ররোচনায় কোনোভাবেই মাদকের ফাঁদে জড়ানো যাবে না। মাদক একটি মরণফাঁদ। একইভাবে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তিও ক্ষতিকর।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে।’ দেশের নাগরিক হিসেবে আইন মেনে চলার পাশাপাশি অন্যদেরও আইন মেনে চলতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

আইজিপি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের আজকের অর্জন আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়ে উঠবে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন এআইজি মো. ইসমাইল হোসেন।

ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অব্যাহত সাফল্যের জন্য নিরলস পরিশ্রম ও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি স্ক্রিন টাইম কমিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখার আহ্বান জানান। একই সঙ্গে খারাপ কাজ থেকে বিরত থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশ ঘটানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং মেধাবৃত্তি প্রদানের উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ ছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন ও পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮০১ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৭২ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে। ২০২৫ সালে এসএসসিতে ৮৪৫ জন এবং এইচএসসিতে ১৯৫ জন শিক্ষার্থী এ বৃত্তি লাভ করেছে।

সব মিলিয়ে ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি পেয়েছে ২ হাজার ১১৩ জন মেধাবী শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৩৬০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে মেধাবৃত্তি প্রদান করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন