২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ৯ ঘণ্টা আগে
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে চলতি দশকে রপ্তানি ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং দেশের জন্য একটি নতুন দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা।
তিনি বলেন, ‘এটি কোনো স্লোগান নয়, এটি একটি পরিকল্পনা। আমরা এই দশকে রপ্তানি, বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলার মাধ্যমে আমাদের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চাই।’
নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে একাধিক শিল্প
বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদনকেন্দ্র এবং আঞ্চলিক প্রবেশদ্বারে পরিণত করার লক্ষ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তৈরি পোশাকশিল্পের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, পোশাকশিল্প বাংলাদেশের প্রথম প্রবৃদ্ধির গল্প তৈরি করেছে। এখন ইলেকট্রনিকস, ওষুধশিল্প, হালকা প্রকৌশল ও সবুজ শিল্পকে দেশের পরবর্তী প্রবৃদ্ধির গল্প হিসেবে দেখতে চায় সরকার।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন শিল্পকারখানা চায়, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, যা মানুষের মর্যাদা নিশ্চিত করবে।
সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নিয়েছে। পাশাপাশি হেলথ কার্ড চালুর কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলারের বেশি অর্থায়ন
অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও ইসলামি উন্নয়ন ব্যাংকের মধ্যে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য ১ দশমিক ০০৪২৯ বিলিয়ন বা ১,০০৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি সই করেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপিসির বর্তমান জ্বালানি পরিশোধন সক্ষমতা বছরে ১৫ লাখ মেট্রিক টন থেকে তিন গুণ বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।
এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি ইউরো-৫ মানসম্পন্ন পরিবেশবান্ধব পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন বাড়বে। একই সঙ্গে আমদানিকৃত পরিশোধিত জ্বালানি তেলের ওপর বাংলাদেশের নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
‘এটি শুধু একটি লেনদেন নয়’
আইএসডিবির অর্থায়ন চুক্তিকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার মতে, এই চুক্তি শুধু একটি আর্থিক লেনদেন নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি ইসলামি উন্নয়ন ব্যাংকের আস্থার প্রতিফলন।
তারেক রহমান বলেন, কয়েক দশক ধরে আইএসডিবি বাংলাদেশের পাশে রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য হতে পেরে গর্বিত।
ইস্টার্ন রিফাইনারির প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শুধু জ্বালানি খাতের একটি বিনিয়োগ নয়; বরং দেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সক্ষমতায় বিনিয়োগ।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারত্বের ওপর জোর
ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাত, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং উন্নয়ন অর্থায়নের ক্রমবর্ধমান ব্যয় উন্নয়নশীল অর্থনীতিগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কোনো দেশের পক্ষেই এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এ কারণে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক অংশীদারত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ।
এই বাস্তবতায় বাংলাদেশ ও আইএসডিবির মধ্যে আরও উদ্ভাবনী, দ্রুত সাড়াদানকারী ও ফলাফলভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আইএসডিবি সদস্যদেশগুলোর নিজস্ব সক্ষমতাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে। কিছু সদস্যদেশ জ্বালানি খাতে এবং অন্যরা অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এসব দেশের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা সম্ভব হলে সম্মিলিতভাবে আরও বেশি অর্থনৈতিক সুবিধা অর্জন করা যাবে।
স্বল্প খরচের উন্নয়ন অর্থায়নের আহ্বান
উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বল্প খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে ইসলামিক কনসেশনাল ফান্ড (আইসিএফ) প্রতিষ্ঠায় আইএসডিবি চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশ এই তহবিল থেকে সুবিধা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সদস্যদেশগুলোর জন্য সহজ শর্তের অর্থায়ন আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ড. আল জাসেরকে বাংলাদেশে স্বাগত জানানোর পাশাপাশি আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে আইএসডিবির সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সূত্র: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও অর্থায়ন চুক্তিসংক্রান্ত সরকারি তথ্য
এই বিভাগের আরও খবর
গণমাধ্যমে হস্তক্ষেপ করেও ফ্যাসিস্টরা রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী
গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও…
ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা করা হচ্ছে বলে…
দেশে ফিরে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের…
স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের…
সংশোধন হচ্ছে বিমান খাতের বিধিমালা, জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও বিনিয়োগে
বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন…
আরও পড়ুন
একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬
দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।…
সংশোধন হচ্ছে বিমান খাতের বিধিমালা, জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও বিনিয়োগে
বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করতে নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার। দীর্ঘ…
এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ‘টাইম১০০ এআই ২০২৬’ নামে প্রকাশিত…
তিন বছরে ৪০০ এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী
২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে ৪০০-এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী…
৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার জিডি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে…
গণতন্ত্র , সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা
বাংলার অস্তিত্ব বিপন্ন। শিক্ষা ও সংস্কৃতি ভূলুণ্ঠিত। সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। পুলিশ দিয়ে বিরোধীদের ওপর জুলুম চালানো হচ্ছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের…
পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ
পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার আনুষঙ্গিক খাতের (ল্যান্ড অ্যাকুইজিশন কন্টিনজেন্সি—এলএসি) অব্যবহৃত ও অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে প্রজাতন্ত্রের সরকারি হিসাবের সংযুক্ত…
৪১ ব্যাংকের সিএসআরের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার…

