আগারগাঁওয়ে সাত দিনের এ মেলায় অংশ নেবে দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান; প্রায় ৬০ শতাংশ উদ্যোক্তা নারী
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ দিতে রাজধানীতে রোববার শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনা করে ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে।
শনিবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান
মেলার আয়োজক এসএমই ফাউন্ডেশন। এতে দেশের বিভিন্ন অঞ্চলের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশের উদ্যোক্তা নারী।
লিখিত বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি এবং হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।
এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী প্রতিযোগিতা এবং সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের এসএমই খাতকে চাঙা করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী।
জিডিপিতে অবদান ৫০-৬০ শতাংশে নেওয়ার লক্ষ্য
এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জিডিপিতে এসএমই খাতের বর্তমান অবদানে সরকার সন্তুষ্ট নয়। অর্থনীতির পূর্ণ বিকাশ, আয়বৈষম্য নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল সঠিকভাবে ছড়িয়ে দিতে এ খাতের অবদান অন্তত ৫০ থেকে ৬০ শতাংশে নেওয়া একটি আদর্শ লক্ষ্য।
তিনি বলেন, এ খাতের উদ্যোক্তারা বেশি সক্রিয় হলে এবং জিডিপিতে তাঁদের অবদান বাড়লে এর সুফল সরাসরি তৃণমূল পর্যায়ে পৌঁছাবে। পাশাপাশি কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগও বাড়বে।
এসএমই খাতের বৈচিত্র্য বাড়ানো এবং বিদেশি প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়া ও চীনের প্রতিষ্ঠানগুলোকে দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি উদ্যোক্তা তৈরি, রপ্তানির বৈচিত্র্য আনা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
গত বছরের একই সময়ের তুলনায় এবার রপ্তানি আয় প্রায় ৯৮৭ মিলিয়ন ডলার বেড়েছে জানিয়ে আব্দুল মুক্তাদির বলেন, পোশাক খাতে সাম্প্রতিক সময়ে কিছু কাজ ব্যাহত হলেও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে রপ্তানি ৩ বিলিয়ন ডলারের বেশি বাড়তে পারে।
মেলায় ঋণ সংযোগ ও প্রশিক্ষণ
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগের আয়োজন থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে উদ্যোক্তারা ঋণসংক্রান্ত তথ্য জানতে পারবেন। আলোচনা ও সমঝোতা হলে মেলা থেকেই ঋণের আবেদন করার সুযোগ থাকবে।
এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন এবং এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ নিয়ে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে।
২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে।

