শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর

পাথর নিক্ষেপের অভিযোগে অভিযান চালানোর দাবি ইসরাইলি বাহিনীর, চিকিৎসাকর্মীদের তিনজন আটক

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে ইসরাইলি বাহিনীর দাবি, পাথর নিক্ষেপের ঘটনার জবাবে তারা গুলি চালিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার গভীর রাতে নাবলুস শহরের উত্তর-পশ্চিমে বুরকা এলাকায় নিহত হয় মুতাজ আইয়াদ দাগলাস।

খবর বার্তা সংস্থা এএফপির।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের চিকিৎসাকর্মীরা গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে গেছেন। তবে তৃতীয় এক আহত ব্যক্তির কাছে যেতে ইসরাইলি বাহিনী বাধা দেয়। এ সময় স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীদের তিনজনকে আটক করা হয়।

পাথর নিক্ষেপের অভিযোগ ইসরাইলি বাহিনীর

ঘটনাটি সম্পর্কে এএফপির প্রশ্নের জবাবে ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার জানায়, ওই এলাকায় ‘পাথর নিক্ষেপ ও সন্ত্রাসী হামলা প্রতিহত করতে’ তারা অভিযান চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘সেনারা কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করেন, যারা ইসরাইলি যানবাহন চলাচলের একটি মহাসড়কে পাথর নিক্ষেপের পরিকল্পনা করছিল।’

পশ্চিম তীরে শিশু-কিশোর নিহতের ঘটনা

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পাথর নিক্ষেপের অভিযোগে অপ্রাপ্তবয়স্কসহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গুলি চালানোর ঘটনা নিয়মিত ঘটছে।

ইসরাইলের মানবাধিকার সংগঠন বি’তসেলেমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক হামাসের হামলার পর থেকে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ২৪১ শিশু ও কিশোর নিহত হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন