প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর আশা, জলবায়ু সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বের প্রত্যয়
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে টোকিও থেকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘একান্ত নিজস্ব’ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রস্তুতির কথা বলে রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করবেন তারেক রহমান।
শনিবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে এক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূতকে কখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হবে, সেটি মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়, জাতীয় বা আন্তর্জাতিক কোনো বিষয় নয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।”
জাপানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আশা
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, যা বর্তমানে আরও গভীর হয়েছে। বিএনপি সরকারের সময়গুলোতে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে জাপানের সঙ্গে সহযোগিতার সুযোগ রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে। এসব খাতে জাপানের সঙ্গে নতুন করে সহযোগিতা গড়ে উঠবে বলে আমরা আশা করছি।”
নতুন জাপানি বিনিয়োগের প্রত্যাশা
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ার সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে বলে আমরা মনে করি। বাংলাদেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বাংলাদেশ ইনভেস্ট’-এর মাধ্যমে আরও জাপানি বিনিয়োগ আনার প্রচেষ্টা এই সফরেও থাকবে।”
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সফর প্রত্যাশার চেয়েও বেশি সফল হবে।
কপ৩১ সামনে রেখে জলবায়ু নেতৃত্বের প্রত্যয়
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১ সামনে রেখে সিরডাপ মিলনায়তনে সংলাপ ও জাতীয় অবস্থানপত্র প্রকাশের আয়োজন করা হয়। দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
সংলাপে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, কেবল তহবিলের জন্য দর-কষাকষিতে সীমাবদ্ধ না থেকে গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্বের অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে।

