শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ

নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া।

সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে এসেছিলেন। বিকালে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাঁতার না জানায় নদীর স্রোতে তিনজন পানিতে তলিয়ে যান।

এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদীতে নেমে কারও সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি চালিয়েও কারও খোঁজ পাননি।

পরে রাতে হয়ে যাওয়ায় শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয় বলে জানিয়েছেন শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান।

তিনি বলেন, “নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।”

ওসি কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সকালে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।

ছবি : বিডিনিউজটুয়েন্টিফোর


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন