শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি

স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

প্যারোলের শর্ত অনুযায়ী আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকতে পারবেন। কারাগার থেকে মুক্তির পর পুলিশ পাহারায় তাকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বামীর মরদেহ দেখবেন এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন তিনি।

এর আগে বুধবার মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হয়েছিল। তবে জেলা প্রশাসন ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার প্যারোল অনুমোদন করেছে।

স্বামীর মৃত্যুর পর প্যারোলের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।

স্বামীর মৃত্যুর পর বুধবার সকালে তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম মুন্সিগঞ্জ জেলা কারাগারে যান। সেখানে তানী দীপাবলি তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

আবেদন পর্যালোচনার পর জেলা ম্যাজিস্ট্রেট ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে মারা যান তৌফিক নেওয়াজ

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, কারা আইন ও কারাবিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী দিনের আলোতে সীমিত সময়ের জন্য প্যারোল মঞ্জুর করার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের রয়েছে। সেই বিধানের আওতায় দীপু মনির ১২ ঘণ্টার প্যারোল অনুমোদন করা হয়েছে।

নির্ধারিত সময় শেষে আজ সন্ধ্যা ৬টার মধ্যে তাকে আবার কারা কর্তৃপক্ষের হেফাজতে ফিরে যেতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন