শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে তৎপর পাঁচ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

প্রাথমিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানা যাবে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন