শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

দেশজুড়ে চার মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩ হাজার ৫১৮

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ পুলিশের এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।

পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র এবং ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ ছাড়া ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।

বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমেও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা। এ ছাড়া বিভিন্ন ধরনের মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন