রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তিনটি মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম।
ময়নাতদন্ত শেষে ডা. জাকিয়া তাসনিম বলেন, “তিনজনের মরদেহের লক্ষণ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে মরদেহ থেকে ব্লাড এবং ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো মহাখালী পরীক্ষাগারে বিশ্লেষণের জন্য পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”
এর আগে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, “তিনটি মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।”
ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

