আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনের মান উন্নয়নে সবার মতামত ও সহযোগিতা প্রয়োজন।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের প্রথম দিনের সমাপনী বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সিইসি বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে সংশ্লিষ্টদের কাছ থেকে আবারও মতামত নেওয়া হবে। নির্বাচনে অভিযোগ নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত এবং নির্বাচনী অনুসন্ধান কমিটি কাজ করে। তবে এসব কার্যক্রম পরিচালনায় নির্বাচন কমিশনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি বিচার বিভাগের অধীন হওয়ায় তাদের কোনো নির্দিষ্ট নির্দেশনা দেওয়া বা বিচারিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করার সুযোগ কমিশনের নেই।
নির্বাচনী অপরাধের জন্য জরিমানার পরিমাণ কম বলে যে মতামত এসেছে, সেটিও বিবেচনার বিষয় বলে জানান তিনি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভ্রাম্যমাণ আদালত প্রচলিত আইনে নির্ধারিত ক্ষমতার বাইরে গিয়ে জরিমানা বা শাস্তি দিতে পারেন না। তাই আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়।
প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের অঙ্গীকার
সংলাপের সূচনা বক্তব্যে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে প্রভাবমুক্ত ও প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। ভোটের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ইউপি নির্বাচনের প্রতিটি ধাপ যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
পক্ষপাত করলে কর্মকর্তার সাময়িক বরখাস্ত
নির্বাচন কমিশনকে আইনগতভাবে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে নির্বাচন কমিশন তাকে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করতে পারবে। কমিশনের ক্ষমতা ও কার্যপরিধি বাড়াতে আইন সংশোধনের মাধ্যমে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচনে অনিয়মের অভিযোগ পেলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে জানিয়ে তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল কিংবা নির্বাচন স্থগিত বা বাতিল করার ক্ষমতাও কমিশনের রয়েছে। কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং আইন অনুযায়ী নির্বাচন পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। কোনো প্রার্থী তাঁর সমর্থকদের দিয়ে আচরণবিধিবিরোধী কাজ করালেও এর দায় তাঁকে নিতে হবে। এ ক্ষেত্রে জনপ্রিয়তা, রাজনৈতিক পরিচয় কিংবা সর্বোচ্চ ভোট পাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন। অনিয়মের সঙ্গে কোনো প্রার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো প্রার্থী বেশি ভোট পেলেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে।
সব ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের পরিকল্পনা
আসন্ন ইউপি নির্বাচনে শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা, বডি-ওর্ন ক্যামেরা, ড্রোন ও লাইভ মনিটরিং ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনেও চালু থাকবে। নির্বাচন পর্যবেক্ষণে কমিশনের নিজস্ব মনিটরিং সেল থাকবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও সেখানে গিয়ে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো অনিয়মকেই হালকাভাবে নেবে না। সবার সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব।
নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান রাজনৈতিক দলগুলোর
অন্যদিকে, সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা মেরুদণ্ড সোজা রেখে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তাঁরা বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে কমিশনের মেরুদণ্ড শক্ত হওয়া প্রয়োজন।
প্রথম দিনের সংলাপে ১৫টি রাজনৈতিক দল অংশ নেয়। আগামীকাল সোমবার দ্বিতীয় দিনে ১৯টি এবং ১ ডিসেম্বর তৃতীয় দিনে ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার।
পাঁচ ধাপে ইউপি নির্বাচন
নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট হবে।

