কৃষক-উদ্যোক্তার সংযোগ, ডিজিটাল কৃষিসেবা ও খাদ্যপণ্যের উৎস শনাক্তকরণে গুরুত্ব; বিশ্বব্যাংকের ১০ কোটি ডলার অর্থায়নের প্রস্তাব
দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী কাঠামোয় রূপান্তর করতে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও বাজারের মধ্যে কার্যকর সংযোগ তৈরি, কৃষিসেবা ডিজিটালাইজ করা এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের প্রস্তাবিত প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে কাজ করার পরিকল্পনা রয়েছে প্রকল্পটিতে।
বর্তমানে দেশের শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদসহ সামগ্রিক কৃষি খাত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ অবদান রাখছে। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার অন্যতম প্রধান ভিত্তি হওয়ায় কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
কৃষক ও উদ্যোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরির পরিকল্পনা
প্রকল্পটির প্রধান লক্ষ্য কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা। এর মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত উদ্যোগের আওতায় কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ বাড়ানো, কৃষিপণ্যের বাজারজাতকরণে সমন্বিত ব্যবস্থা তৈরি এবং সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার কথা রয়েছে। পাশাপাশি উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পণ্যের উৎস, সরবরাহ ও বিপণনপ্রক্রিয়া শনাক্ত করার ব্যবস্থা বা ট্রেসেবিলিটি জোরদার করা হবে। এতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিপণ্যের মান ও সরবরাহব্যবস্থার ওপর নজরদারি সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রথম পর্যায়ে চারটি উপাদান রাখার প্রস্তাব
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদানের কার্যক্রম ও ব্যয় চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।
প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ বা প্রোডাক্টিভ পার্টনারশিপস। এ খাতে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। এ খাতে প্রস্তাবিত ব্যয় ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। কৃষিসেবা, তথ্যপ্রাপ্তি ও সরকারি সহায়তা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে এর মূল উদ্দেশ্য।
তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা এবং কৃষিপণ্যের উৎস শনাক্তকরণব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।
চতুর্থ উপাদানে থাকবে প্রকল্প ব্যবস্থাপনা, বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের কার্যক্রম। এ খাতে প্রস্তাবিত ব্যয় ২ কোটি মার্কিন ডলার।
তিন পর্যায়ে বাস্তবায়নের পরিকল্পনা
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ের চারটি উপাদানে মোট ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের কথা বলা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
তবে প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। প্রকল্পটির প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ জানান, বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার এবং কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে এ বিষয়ে একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।
পার্টনার কর্মসূচির ধারাবাহিকতায় নতুন উদ্যোগ
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত বিএপি প্রকল্পটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, পার্টনার কর্মসূচির অনুমোদিত অর্থায়ন ৫০ কোটি মার্কিন ডলার। এর লক্ষ্য কৃষিতে বৈচিত্র্য আনা, খাদ্যনিরাপত্তা জোরদার, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়ানো।
সংশ্লিষ্ট অংশীজনদের মতে, প্রস্তাবিত বিএপি প্রকল্পে উৎপাদনশীল অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ বাড়বে। এতে কৃষিপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের মধ্যকার ব্যবধান কমানোর পাশাপাশি কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগও তৈরি হতে পারে। তবে এসব লক্ষ্য কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করবে প্রকল্পের চূড়ান্ত কাঠামো, অর্থায়ন ও মাঠপর্যায়ের কার্যক্রমের ওপর।

