শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঢাকার আবাসন চাপ কমাতে কেরানীগঞ্জে ৩ হাজার একরের সেকেন্ডারি সিটির পরিকল্পনা

ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন কলাতিয়া-তারানগর এলাকায় নতুন শহর গড়ার উদ্যোগ; প্রস্তাবিত দুটি প্রবেশ সড়ক, থাকবে আবাসন, পার্ক, জলাধার ও আধুনিক নাগরিক সুবিধা

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে প্রায় তিন হাজার একর জমিতে পরিকল্পিত ‘সেকেন্ডারি সিটি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর কাছেই নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিকল্প জনবসতি তৈরি করে ঢাকার কেন্দ্রীয় এলাকার ওপর চাপ কমানো এবং শহরের প্রান্তে অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) কর্মকর্তারা জানিয়েছেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় নতুন শহরটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কলাতিয়া ও তারানগরসহ আশপাশের কয়েকটি এলাকাকে সম্ভাব্য প্রকল্প এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রকল্পটি এখনো পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আবাসনের সংখ্যা, নির্মাণব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

কলাতিয়া-তারানগরসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য স্থান চিহ্নিত

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই জানান, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পাশে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য প্রকল্প এলাকা ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

প্রস্তাবিত স্থানটি কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকায় বিস্তৃত। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে এলাকা পরিদর্শন করে।

কর্তৃপক্ষের নথি অনুযায়ী, প্রস্তাবিত স্থানটির অল্প কিছু অংশে—প্রায় ৫ থেকে ৮ শতাংশ এলাকায়—বসতবাড়ি রয়েছে। বাকি বড় অংশ এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এসব ফসলি জমিতে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের বিলবোর্ডও দেখা গেছে।

যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব, থাকবে দুটি প্রধান প্রবেশ সড়ক

নতুন শহরটির সঙ্গে রাজধানীর যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সড়ক অবকাঠামোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মনদীপ ঘরাই জানান, ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে।

প্রকল্প এলাকার পশ্চিম ও দক্ষিণ পাশে ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের প্রস্তাবিত সড়ক রয়েছে। এ বাইপাস বাস্তবায়িত হলে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট পরিদর্শন-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি সিটি গড়ে তুলতে অন্তত তিন হাজার একর জমির প্রকল্প নেওয়া প্রয়োজন।

সম্ভাব্যতা যাচাইয়ের পর নির্ধারিত হবে প্রকল্পের বিস্তারিত

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই বলেন, প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এর বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট কতটি আবাসন তৈরি হবে, নির্মাণে কত ব্যয় হবে এবং কত সময় লাগবে—এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী জানান, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা বিবেচনায় সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল ও সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সব শ্রেণির মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসম্পন্ন নিরাপদ আবাসিক পরিবেশ গড়ে তোলার প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি অনুযায়ী, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ঢাকা জেলার কেরানীগঞ্জে ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক আবাসন

সেকেন্ডারি সিটি প্রকল্পের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতেও পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম।

তিনি বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশের এলাকায় নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

ফেরদৌসী বেগম আরও জানান, নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হবে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় না করেই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ পাবে।

জাগৃকের চলমান প্রকল্পে ৬ হাজারের বেশি ফ্ল্যাট নির্মাণের কাজ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সংস্থাটির ১৫টি আবাসন প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া নতুন নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ওপর জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। সংস্থাটি এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করেছে।

পরিকল্পিত নগরায়ণে গুরুত্ব পাচ্ছে পরিবেশ ও নাগরিক সুবিধা

শুধু আবাসিক ভবন বা প্লট তৈরি নয়, ভবিষ্যৎ নগরায়ণে জমির সর্বোত্তম ব্যবহার এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে জমির তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহ করে একটি ল্যান্ড ব্যাংক তৈরির কাজ চলছে। ভবিষ্যতে পরিকল্পিত আবাসন প্রকল্প গ্রহণ ও জমি ব্যবস্থাপনায় এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

প্রস্তাবিত সেকেন্ডারি সিটিতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্পসহনশীল ভবন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কমিউনিটি স্পেস এবং সুপেয় পানির ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সব মিলিয়ে কেরানীগঞ্জে প্রস্তাবিত সেকেন্ডারি সিটি বাস্তবায়িত হলে রাজধানীর বাইরে পরিকল্পিত আবাসনের একটি বিকল্প কেন্দ্র গড়ে উঠতে পারে। তবে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই, মহাপরিকল্পনা এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এর চূড়ান্ত পরিসর ও বাস্তবায়নের সময়সূচি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন