শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিশরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের প্রস্তাব

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ ও পাটজাত পণ্য আমদানির জন্য কায়রোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব প্রস্তাব তুলে ধরেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা ও উচ্চপর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন।

ঐতিহাসিক বন্ধুত্বের প্রসঙ্গ

সাক্ষাৎকালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মিশরের সাবেক রাষ্ট্রপতি আনোয়ার আল-সাদাতের মধ্যকার বন্ধুত্বের কথা স্মরণ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, তাঁদের সেই বন্ধুত্ব দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।

বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা

বৈঠকে উভয় পক্ষ কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া ফিলিস্তিন ইস্যু এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন