বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় বন্ধ ২৫ পোশাক কারখানা

অধিকাংশ কারখানায় স্বাভাবিক কার্যক্রম, কয়েকটিতে শ্রমিকদের কর্মবিরতি

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার পরও আজ সাভার ও আশুলিয়ায় ২৫টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।

তবে কয়েকটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় সকাল থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে।

শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ২২ কারখানা

শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার তথ্য অনুযায়ী, আজও শিল্পাঞ্চলে হামীম, আল মুসলিম, নীট এশিয়া, এনভয় ও দ্য রোজ ড্রেসেসসহ শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া একটি কারখানায় সাধারণ ছুটি এবং দুটি কারখানা অন্যান্য কারণে বন্ধ রয়েছে।

এসব কারখানা কবে নাগাদ খুলতে পারে, সে বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।

হেমায়েতপুরে শ্রমিকদের জমায়েতের চেষ্টা

এদিকে সকালে শিল্পাঞ্চলের হেমায়েতপুর এলাকায় কয়েকজন শ্রমিক কারখানায় প্রবেশ না করে কারখানার সামনে জমায়েত হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯টা নাগাদ শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন