বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পটিয়ায় বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ লাখ টাকার তামার তার উদ্ধার, আটক ২

সীমানাপ্রাচীরে সুড়ঙ্গ দেখে আনসার সদস্যদের অভিযান; ৫০০ কেজি তামার তার উদ্ধার, পালিয়ে গেছে আরও ছয় সহযোগী।

চট্টগ্রামের পটিয়ায় শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ৫০০ কেজি তামার তার উদ্ধার করেছে আনসার সদস্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের সঙ্গে থাকা আরও ছয়জন নদীপথে পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রের বাজমাউন্ট টাওয়ার এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, নিয়মিত টহলের সময় সীমানাপ্রাচীরে একটি সন্দেহজনক সুড়ঙ্গ দেখতে পান অঙ্গীভূত আনসার সদস্য এপিসি মো. সাইফুল ইসলাম। বিষয়টি তিনি দ্রুত ক্যাম্প কমান্ডার পিসি মো. মহিন উদ্দিন বাবুকে জানান।

পরে তাঁর নির্দেশনায় আনসার সদস্যরা টাওয়ারসংলগ্ন জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় সেখান থেকে চুরি করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ৫০০ কেজি তামার তার উদ্ধার করা হয়।

আটক দুজন, পালিয়েছে ছয় সহযোগী

অভিযানের সময় মো. সাদ্দাম (৩৫) ও শাহাদাত হোসেন (৩৭) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা আরও ছয় সহযোগী নদীপথে পালিয়ে যায়।

পরে আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা তামার তার বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে তাঁদের ধন্যবাদ জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন