মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ছেড়ে যায়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।

তিনি জানান, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

মহড়ায় অংশ নেয় তিন বাহিনীর বিশেষ ইউনিট

বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

স্বর্ণদ্বীপে সামরিক প্রশিক্ষণ

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা দ্বীপটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ এই যৌথ মহড়া এবারই প্রথম।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন