পার্লামেন্টারি সার্ভিস গঠনে আলোচনা; পিএসসির মাধ্যমে ১৬ পদ ও সংসদ সচিবালয়ের মাধ্যমে ১৫৫ পদে নিয়োগের কার্যক্রম চলছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কমিশন বৈঠকে উপস্থাপনের জন্য গঠিত কমিটি। সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে দুজন অথবা ক্ষেত্রবিশেষে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে পরামর্শ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভায় সভাপতিত্ব করেন।
সাংগঠনিক সংস্কারে কারিগরি সহায়তার সুপারিশ
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ লক্ষ্যে দুজন অথবা প্রয়োজন অনুযায়ী তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়েছে। পরামর্শক নিয়োগের বিষয়ে ইউএনডিপির সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও পরামর্শ নেওয়ার বিষয়টিও সুপারিশে অন্তর্ভুক্ত রয়েছে।
১৮টি নয়, মোট ১৭১ পদে নিয়োগের কার্যক্রম চলছে
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগসংক্রান্ত অগ্রগতি কমিটিকে অবহিত করা হয়। জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগপ্রক্রিয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার কার্যক্রম চলছে।
এ ছাড়া ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগপ্রক্রিয়া জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুটি প্রক্রিয়া মিলিয়ে মোট ১৭১টি পদে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।
প্রথম সভার কার্যবিবরণী অনুমোদন
আলোচ্যসূচি অনুযায়ী সভার শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে দৃঢ়ীকরণ করা হয়। এরপর সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগসংক্রান্ত অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন যারা
সভায় কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

