বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পর্যটন কার্নিভালে কুয়াকাটার হোটেল-মোটেলের ভাড়া ৫০ শতাংশ ছাড়

আগামী ২৩ ও ২৪ অক্টোবর পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভাল। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত এ উৎসবে দেশের নামিদামি নায়ক-নায়িকা, তারকা শিল্পী, ফ্যাশন ডিজাইনার, অভিনেতা ও তারকা ফুটবল এবং ক্রিকেট খেলয়াররা অংশগ্রহন করবেন। এ দুই দিনে কুয়াকাটায় অন্তত: ৩ থেকে ৪ লাখ পর্যটক আগমনের আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

এ উৎসবকে সার্বজনীন করে তুলতে কুয়াকাটায় হোটেল ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষনা দিয়েছেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি আবদুল মোতালেব শরীফ। এ সংক্রান্ত একটি বিশেষ জরুরী নোটিশ দিয়েছে সংগঠনটি। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. সাইদ হাসান স্বাক্ষরিত ওই নোটিশে চারটি নির্দেশনা দেয়া হয়। যা হলো আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটার সকল হোটেল ও মোটেলে রুম ভাড়ার ওপর বাধ্যতামূলকভাবে ৫০ শতাংশ ছাড় প্রদান করতে হবে, প্রতিটি হোটেলে রিসেপশন বা অভ্যর্থনা কাউন্টারে এবং গেস্টদের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে স্পষ্টভাবে ৫০ শতাংশ ডিসকাউন্টকৃত ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে হবে এবং কোনো অবস্থাতেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বা তালিকা বহির্ভূত কোনো অতিরিক্ত অর্থ পর্যটকদের নিকট থেকে আদায় করা যাবে না, কার্নিভাল চলাকালীন ও এর পূর্ববর্তী সময়ে প্রতিটি হোটেল, মোটেল ও এর আশপাশের পরিবেশ অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ও ইভেন্টটিকে উৎসবমুখর করে তুলতে প্রতিটি হোটেল ও মোটেলের প্রাঙ্গণ, মূল ফটক এবং সম্মুখভাগ নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে সাজাতে হবে এবং আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে। উৎসবে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদান, তাদের অভ্যর্থনা স্মৃতিরূপে ধরে রাখা এবং কুয়াকাটার ইতিবাচক সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনাগুলো কঠোরভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ নির্দেশনা পালনে কোনো ধরনের ব্যত্যয় বা পর্যটকদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

কুয়াকাটা হোটেল মোটের ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে অনেক হোটেল মোটেল নতুন রংয়ে সাজানো হয়েছে। ইতিমধ্যে আমাদের ৩ শতাধিক হোটেল মোটেলের মধ্যে প্রথম শ্রেণীর অধিকাংশ হোটেলের সকল কক্ষ বুকিং হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর হোটেলগুলো সমান হারে বুকিং হচ্ছে। আশা করছি কার্নিভালের আগেই শতভাগ হোটেল বুকিং হবে। তাই আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি আশা করছি হোটেল মালিকরা সকল নির্দেশনা পালন করবেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন