বেসরকারি বিনিয়োগ কমে কর্মসংস্থানের সংকট বেড়েছে; ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও রাজস্ব আহরণ বাড়ানোর ওপর জোর
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিনিয়োগ কমায় কর্মসংস্থানে সংকট
উপদেষ্টা বলেন, দেশে বিনিয়োগ পরিস্থিতি, বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সংকট বেড়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে।
এ পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে বিভিন্ন ধরনের প্রক্ষেপণ তুলে ধরেছে বলেও উল্লেখ করেন তিনি।
সংস্কার ছাড়া প্রবৃদ্ধি আরও কমতে পারে
সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে প্রক্ষেপণ উপস্থাপন করেছে, সেখানে একটি মৌলিক বিষয় উপেক্ষিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার না করা হলে প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে।
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও রাজস্ব আহরণ বাড়ানোর তাগিদ
সরকারের সংস্কার উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণ বাড়ানো জরুরি।
একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে মানুষ যাতে দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে জন্য সরকার কয়েকটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

