দুর্গাপূজায় হিন্দু-মুসলমানের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ, ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আবদুল আউয়াল মিন্টুর
ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়কে গুরুত্ব দিয়ে সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফেনীর দাগনভূঞা পৌরশহর ও উপজেলার আটটি ইউনিয়নের প্রায় সব পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন পরিবেশমন্ত্রী।
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন
আবদুল আউয়াল মিন্টু বলেন, এবারের দুর্গাপূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজার উৎসবে হিন্দু-মুসলমান সবাই একাকার হয়ে গেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করতে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য তাঁদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
পরিবেশমন্ত্রী বলেন, প্রশাসনের পাশাপাশি সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ দায়িত্ব পালন করছেন।
দাগনভূঞার পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়
দাগনভূঞা পৌরশহরের দাসপাড়ায় উপজেলার প্রধান পূজামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন পরিবেশমন্ত্রী। প্রিয় লাল দাসের সভাপতিত্বে এবং নিমাই দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেন এবং থানার অফিসার ইনচার্জ মো. ফয়জুল আজিম নোমান।
এ ছাড়া বক্তব্য দেন জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক সরোজ দত্ত, সদস্য সচিব পলাশ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক উত্তম পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি নিতাই চরণ দাস এবং পূজামণ্ডপের সাবেক সভাপতি দুলাল চন্দ্র দাস।
সোনাগাজীতেও পূজামণ্ডপ পরিদর্শন
এর আগে সোমবার পরিবেশমন্ত্রী ফেনীর সোনাগাজী পৌরশহর ও উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মাহবুবউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজাহান হোসাইন এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম।

