চলতি বছরে প্রাণহানি ৩৫৭, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ লাখ ১৫ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকার বাইরের হাসপাতালে দুজন এবং রংপুর সিটি করপোরেশন এলাকার বাইরের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা বিভাগে সর্বোচ্চ নতুন রোগী ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ১১৩ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৫ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৯১, খুলনায় ১৪১, রাজশাহীতে ১২৮, চট্টগ্রামে ১০৫, ময়মনসিংহে ৮০, রংপুরে ৭২ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

