অনুসরণ করুন:
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আতাউর রহমান

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন, নৌবন্দর ও নৌপরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয়

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. আতাউর রহমান খান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৫ মে তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন

মো. আতাউর রহমান খান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগে দায়িত্ব পালন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ সময় দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব দেন তিনি।

দেশ-বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণ

কর্মজীবনে মো. আতাউর রহমান খান দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে তিনি বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন।

এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, আলোচনা ও সমঝোতার কৌশল, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (আইএফআরএস), বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, ডিজিটাল যুগে নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক মূল্যায়ন। এসব প্রশিক্ষণ তাঁর পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

দেশি-বিদেশি উচ্চশিক্ষা

শিক্ষাজীবনে মো. আতাউর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

পরবর্তীতে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (জিআরআইপিএস) থেকে যৌথ জাপান-এশীয় উন্নয়ন ব্যাংক বৃত্তি কর্মসূচির আওতায় মাস্টার অব পাবলিক পলিসি (এমপিপি) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্সও সফলভাবে সম্পন্ন করেন।

নৌপরিবহন খাতের উন্নয়নে অগ্রাধিকার

নতুন দায়িত্বে দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নৌপথের কার্যকর ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত সচিব।

তিনি নিরাপদ, আধুনিক ও দক্ষ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন