রাজধানীর খিলগাঁওয়ে দুর্গাপূজার মণ্ডপে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে প্রায় দুই ঘণ্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের কালভার্ট রোডের তিলকপাড়া শ্রী শ্রী দেব মন্দির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। শিশুটি তার দাদির সঙ্গে মণ্ডপে ঘুরতে এসে ভিড়ের মধ্যে হারিয়ে যায়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাতিকে দীর্ঘক্ষণ খুঁজেও না পেয়ে দাদি উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি জানার পর মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যরা শিশুটিকে খুঁজতে তৎপর হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই ঘণ্টা ধরে অনুসন্ধানের পর রাত সাড়ে ১০টার পর আনসার সদস্য ফজলুর রহমান জব্বার শিশুটিকে উদ্ধার করেন। পরে পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সভাপতির উপস্থিতিতে শিশুটির পরিচয় যাচাই করা হয়। এরপর তাকে নিরাপদে দাদির কাছে ফিরিয়ে দেওয়া হয়।
নাতিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত দাদি উদ্ধারকাজে অংশ নেওয়া আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার বিষয়টি সামনে এসেছে।

