শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

২০ থেকে ২৪ অক্টোবর চলবে সার্ভিস, ১৬ অক্টোবর থেকে ২২ ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এ বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।

বিভিন্ন রুটে প্রস্তুত ২০০ বাস

দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে এসব বাস চলাচল করবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রুটগুলোর মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম।

যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ছয়টি স্থানে থাকবে ৬০টি বাস স্ট্যান্ডবাই

বিশেষ বাস সার্ভিস পরিচালনায় রাজধানী ও আশপাশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে। স্থানগুলো হলো—বিআরটিসির মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনাল।

যাত্রীদের চাহিদা অনুযায়ী দ্রুত বাস সরবরাহ এবং যাতায়াতের চাপ সামাল দিতে এসব বাস প্রস্তুত রাখা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন