জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের রিটার্ন জমায় সুদ-জরিমানা দিতে হবে না
২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইন মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে কোনো ধরনের সুদ বা জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
এনবিআরের এক অফিস আদেশে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের অংশ হিসেবে জারি করা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় ভ্যাট রিটার্ন দাখিলের বিধানে সংশোধন আনা হয়েছে। ওই সংশোধিত বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ই-ভ্যাট সিস্টেমে প্রযুক্তিগত সমন্বয়
এনবিআর জানিয়েছে, সংশোধিত ভ্যাট রিটার্নসংক্রান্ত বিধানের সঙ্গে সামঞ্জস্য রাখতে রাজস্ব বোর্ডের ইলেকট্রনিক ভ্যাট (ই-ভ্যাট) ব্যবস্থায় প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রযুক্তিগত সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে।
এ কারণে করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে করদাতারা সুদ বা জরিমানা ছাড়াই সংশ্লিষ্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।

