বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু, মরদেহ মর্গে

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া ইয়াসিন আরাফাত (২২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী জসীম উদ্দীন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইয়াসিন আরাফাত। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিনের কয়েদি নম্বর ৬৬/৩/এ। তাঁর বাবার নাম মোহাম্মদ মইজুল। তাঁর বাড়ি গাজীপুরের কোনাবাড়ি এলাকায়, জয়দেবপুর চৌরাস্তার কাছে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন