বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালটিতে গিয়ে তিনি আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শাহ আলমের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আহত পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে হামলায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে শাহ আলম ও তাঁর পরিবারকে আশ্বস্ত করেন মন্ত্রী। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করা হয়।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন