১ অক্টোবর, ২০২৬
জাপানে চলমান এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি কমে ১৩ ওভারে অনুষ্ঠিত হয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগারদের। মাত্র ২১ রানেই তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন।
এরপর সাইফ হাসান ১৭ বলে ১৯ রান করেন। তবে একপ্রান্ত ধরে রেখে বাংলাদেশের ইনিংসকে লড়াইয়ের অবস্থানে নিয়ে যান তাওহীদ হৃদয়। ২৫ বলে ৪টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। মোসাদ্দেক হোসেন করেন ১১ রান। শেষদিকে শেখ মাহেদী হাসান ৪ বলে অপরাজিত ৮ রান যোগ করেন।
বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে আসে ১৯ রান, যার মধ্যে ১৫ রানই ছিল ওয়াইড। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। আরাফাত মিনহাজ পান ২ উইকেট।
জবাবে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে পাকিস্তানও। মাত্র ৫৩ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।
তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে দুজন দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করেন। অন্যদিকে মাত্র ১৫ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন আব্দুল সামাদ।
শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে তারা এবং এশিয়ান গেমসের ফাইনালের টিকিট পেয়ে যায়।

