বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির অভিযোগে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের চতুর্থ তলার ইউনিট-৩-এ এ ঘটনা ঘটে।
আনসার সূত্র জানায়, মেডিসিন ওয়ার্ড থেকে চুরি করে পালানোর চেষ্টা করছিলেন আরিফুল ইসলাম। এ সময় পিসি নাগর আলীর নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্য মো. মাহামুদ হাসান তাকে ধাওয়া করে আটক করেন।
আটকের পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আরিফুল ইসলামকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় চুরির ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও চিকিৎসাপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ ঘটনায় উপস্থিত সেবাগ্রহীতা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি হাসপাতালগুলোতে বহিরাগত চোর ও দালাল চক্রের তৎপরতা প্রতিরোধে অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমাল ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।

