মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রোনালদো বেঞ্চে, হালান্ডের গোলেও নরওয়েকে হারাল পর্তুগাল

২৯ সেপ্টেম্বর ২০২৬

ক্রিশ্চিয়ানো রোনালদোকে একাদশে না রেখেই আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। অসলোতে অনুষ্ঠিত নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই ছিলেন পর্তুগিজ তারকা।

ম্যাচের ১৭ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। পেদ্রো নেতোর কাছ থেকে পাওয়া বল কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ফেলিক্স।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফেরে নরওয়ে। ৫১ মিনিটে আর্লিং হালান্ড গোল করে সমতা ফেরান। নেশনস লিগে এটি তার ২২তম গোল। প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই গোলের মাধ্যমে রোনালদো ও আলেক্সান্দার মিত্রোভিচের চেয়ে সাত গোল এগিয়ে গেলেন নরওয়ের এই তারকা।

সমতা ফেরার মাত্র তিন মিনিট পর আবারও এগিয়ে যায় পর্তুগাল। নরওয়ের গোলরক্ষক ওরজান নিল্যান্ডের ভুল পাস থেকে বল দখলে নিয়ে গোল করেন গনসালো রামোস।

পরে রামোস আরও একবার বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

এই জয়ে দুই ম্যাচে পর্তুগালের পয়েন্ট দাঁড়িয়েছে ৬। তিন পয়েন্ট নিয়ে নরওয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। একই পয়েন্ট পাওয়া ডেনমার্ক গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় অবস্থানে আছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন