রবিবার, ২৯ মার্চ ২০২৬

করিডর নিয়ে বাংলাদেশের সঙ্গে কেউ আলোচনা করেনি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘ দায়ী হবে, বাংলাদেশ শুধু দেবে নিরাপত্তা

ঢাকা | ২১ মে ২০২৫

রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোনো দেশ বা পক্ষের আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, করিডর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি, হবেও না।”

মানবিক করিডোরে সার্বভৌম সিদ্ধান্তের প্রতিফলন

খলিলুর রহমান বলেন, “মানবিক চ্যানেল আমরা দেবো কী দেবো না, সেটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। এ বিষয়ে আমেরিকা বা চীনের পক্ষ থেকে কোনো চাপ নেই। যদি এমন চ্যানেল চালু হয়, তাহলে তার পূর্ণ দায় থাকবে জাতিসংঘের ওপর। বাংলাদেশ শুধু সীমান্ত নিরাপত্তা দেবে।”

করিডর নয়, মানবিক সহায়তা

তিনি করিডর সংক্রান্ত বিভ্রান্তি দূর করে বলেন, “করিডর বলতে বোঝায় কোনো দুর্যোগ বা যুদ্ধাবস্থায় বিপদগ্রস্ত মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। কিন্তু রাখাইনে আমরা কাউকে সরিয়ে নিচ্ছি না। এখানে করিডর বলার কিছু নেই।”

আকস্মিক রাখাইন প্রসঙ্গ: আরাকান আর্মির সাথেও আলোচনা চলছে

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, রাখাইন রাজ্যের ৯০ শতাংশ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে।

তিনি বলেন, “আরাকান আর্মিও নীতিগতভাবে প্রত্যাবাসনে সম্মত হয়েছে। তবে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা না এলে বাস্তব পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমরা আরাকান আর্মিকে স্পষ্টভাবে জানিয়েছি, কোনো ধরনের জাতিগত নিধন (Ethnic Cleansing) আমরা মেনে নেব না।”

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অধিবেশন ৩০ সেপ্টেম্বর

খলিলুর রহমান জানান, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে একটি অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। সেখানে বাংলাদেশ তার অবস্থান ও প্রস্তাব স্পষ্টভাবে তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজের নাগরিকত্ব নিয়ে বক্তব্য স্পষ্ট

দ্বৈত নাগরিকত্ব নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো নাগরিকত্ব নেই। আমি যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে থাকলেও কোনো পাসপোর্ট নেই আমার। বিদেশে থাকলেই নাগরিকত্ব হয় না।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদাহরণ টেনে বলেন, “এই যুক্তি ধরে চললে অন্য অনেকের ক্ষেত্রেও প্রশ্ন উঠতে পারে। তাই এসব বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন