রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘শিক্ষকের দক্ষতার সীমা নেই, নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে হবে’

নবীন শিক্ষকদের ঢাবি উপাচার্য; লেকচার নোট হালনাগাদ ও কোর্স ডিজাইন আধুনিক করার তাগিদ

শিক্ষকতার দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের প্রতিনিয়ত সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পাঠদানকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করতে লেকচার নোট নিয়মিত হালনাগাদ এবং কোর্স ডিজাইন আধুনিক করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ড. শাদাত আলী কনফারেন্স রুমে নবনিযুক্ত শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (IQAC) উদ্যোগে ‘Induction Workshop for Newly Recruited Faculty Members’ শীর্ষক এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৮ জন নবীন শিক্ষক অংশ নেন।

পাঠদানের পাশাপাশি জানতে হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন

উপাচার্য বলেন, একজন শিক্ষকের দায়িত্ব কেবল শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। পেশাগত দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য পাঠদানের দক্ষতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, আচরণবিধি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

তিনি বলেন, ‘শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা থাকে না। তাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক শাখা থেকে কীভাবে প্রয়োজনীয় সেবা নিতে হয়, সে সম্পর্কেও শিক্ষকদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার বলে উল্লেখ করেন উপাচার্য।

যুগের সঙ্গে বদলাতে হবে পাঠদান

শিক্ষার মানোন্নয়নে সময়ের সঙ্গে পাঠদানের বিষয়বস্তু ও পদ্ধতির পরিবর্তনের ওপর গুরুত্ব দেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি নবীন শিক্ষকদের লেকচার নোট নিয়মিত হালনাগাদ এবং কোর্স ডিজাইন আধুনিক করার আহ্বান জানান।

উপাচার্য বলেন, এর মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদান আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করা সম্ভব হবে। শিক্ষকদের নিজেদের জ্ঞান ও দক্ষতা ক্রমাগত উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন এবং পরিবর্তিত শিক্ষা-পরিবেশের সঙ্গে পাঠদান পদ্ধতির সমন্বয় ঘটানোর ওপরও তাঁর বক্তব্যে গুরুত্ব পায়।

প্রশিক্ষণে ৫৮ নবীন শিক্ষক

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৫৮ জন নবনিযুক্ত শিক্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন