রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযান

সাংবাদিককে আত্মসমর্পণে এক ঘণ্টার সময় দেওয়ার দাবি • ছেলেকে মারধরের অভিযোগ • এর আগে আরও দুই সাংবাদিককে আটক

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে প্রবীণ ফিলিস্তিনি সাংবাদিক আলী আল-সামুদির বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তাকে বাড়িতে না পেয়ে তার ছেলেকে মারধর এবং সাংবাদিক আল-সামুদিকে এক ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শনিবার উত্তর পশ্চিম তীরের জেনিনে এ অভিযান চালানো হয়। ৫৯ বছর বয়সী আল-সামুদি সে সময় বাড়িতে ছিলেন না। ইসরায়েলি বাহিনীর নির্দেশের পর তিনি আত্মসমর্পণ করবেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আল-সামুদি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। এর আগেও তাকে ইসরায়েলি কর্তৃপক্ষ আটক করেছিল।

এক বছর প্রশাসনিক আটক শেষে মুক্তি

কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ইসরায়েলের ‘প্রশাসনিক আটক’ ব্যবস্থায় প্রায় এক বছর বন্দি থাকার পর গত ৩০ এপ্রিল মুক্তি পান আল-সামুদি।

মুক্তির পর তিনি অভিযোগ করেছিলেন, বন্দিদশায় পর্যাপ্ত খাবার না দেওয়ায় তার শরীরের ওজন মারাত্মকভাবে কমে যায়। ইসরায়েলি কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও করেছিলেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও দুই সাংবাদিক আটক

আল-সামুদির বাড়িতে অভিযানের আগে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় বেথলেহেমে আরও দুই ফিলিস্তিনি সাংবাদিকের বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সূত্রের দাবি, সাংবাদিক সাবরি মুসা জিবরিল ও মুয়াথ আম্মারনাকে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।

সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকদের আটক, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং হামলার অভিযোগ বাড়ার মধ্যেই আল-সামুদির বাড়িতে সর্বশেষ অভিযান চালানো হলো।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন