শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল ফোন নিয়ে বাগ্‌বিতণ্ডা, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে প্রেম জানান, সকালে খবর পেয়ে পুলিশ ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সঙ্গে তার দুই বন্ধুর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বন্ধুদের একজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রাব্বী সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তায় পড়ে তার মৃত্যু হয়।

এসআই অতনু দে প্রেম আরও জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহতের দুলাভাই শফিকুর রহমান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে রাব্বীর সঙ্গে তার ফোনে কথা হয়। এর কিছুক্ষণ পর আবার ফোন করা হলে রাব্বীকে পাওয়া যায়নি। পরে এক দূরসম্পর্কের শ্যালিকার মাধ্যমে তিনি জানতে পারেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় স্বপ্ন সুপারশপের সামনে রাব্বীকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় রাব্বীর পকেটে সামান্য টাকা পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, রাব্বী কুমিল্লার মুরাদনগর উপজেলার নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকার আল-মদিনা গলিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। পেশায় তিনি স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন।

স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে রাব্বীর বিয়ে হয়। তার আড়াই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে মোবাইল ফোনটি উদ্ধারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন