শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যমে হস্তক্ষেপ করেও ফ্যাসিস্টরা রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘অনেক সাংবাদিকের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে, মামলা দেওয়া হয়েছে। অনেক মিডিয়া কেড়ে নেওয়া হয়েছে। এত কিছু করার পরেও তারা কি রক্ষা পেয়েছে? ফ্যাসিস্টরা রক্ষা পায়নি।’

তিনি বলেন, আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও নিজেদের রক্ষা করতে পারে না।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে তিনি সবসময় উন্মুক্ত। কাউকে চাপ প্রয়োগ করে ভালো করা যায় না। যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সরকারের বিভিন্ন বরাদ্দ জনগণের উন্নয়নের জন্য আসে। এসব বরাদ্দ সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না এবং টেকসই উন্নয়নে কাজে লাগছে কি না, সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে।

একই সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে পার্থ বলেন, ‘অযথা বা অহেতুক আপনার কলমের মাধ্যমে যেন কারও সম্মান নষ্ট না হয়, সেটিও মনে রাখতে হবে।’

মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।

পার্থ বলেন, মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ না নিলে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে না।

‘ভোলার উন্নয়নে সবাইকে নিয়েই কাজ করব’

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলি, আমি আপনাদের সন্তান হিসেবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান।’

তিনি বলেন, ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তার কাছে কোনো দল-মতের ভেদাভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সবার, সবাই আমার।’

ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করে পার্থ বলেন, এসব উন্নয়ন হবে। তবে উন্নয়ন কর্মকাণ্ড একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে বাস্তবায়ন করা হবে।

সাংবাদিকদের মতবিনিময় সভা

ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু।

সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, দৈনিক আজকের গলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, সাংবাদিক আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন