নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় উদ্বেগের মধ্যে থাকা ভক্ত-অনুরাগী ও স্বজনদের আশ্বস্ত করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, সিনেমাটির পুরো টিম নিরাপদে রয়েছে এবং সবাই সুস্থ আছেন।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের ও ‘শিকার’ সিনেমার টিমের সর্বশেষ পরিস্থিতি জানান অপু বিশ্বাস।
তিনি বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে ‘শিকার’ সিনেমার পুরো টিম বর্তমানে নেপালে অবস্থান করছে।
অপু বিশ্বাস জানান, ভূমিকম্প ও বন্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে তাঁদের খোঁজখবর নিচ্ছেন।
সবার উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।”
চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এ ছাড়া কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে সিনেমাটিতে অভিনয় করছেন।
নেপালে অবস্থানরত ‘শিকার’ সিনেমার টিমের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও অপু বিশ্বাসের বার্তায় সেই উদ্বেগের অবসান হয়েছে।

