বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

টাঙ্গুয়ার হাওরে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে অভিযান, ১৫০ নিষিদ্ধ কিরণমালা বাইর জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে পরিচালিত অভিযানে ১৫০টি নিষিদ্ধ কিরণমালা বাইর জব্দ করা হয়েছে। এ অভিযানে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বুধবার (২৬ আগস্ট) টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কিরণমালা বাইরগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা বলে জানিয়েছে আনসার ও ভিডিপি সূত্র।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুঝ আলম শান্তনুর নেতৃত্বে স্থানীয় প্রশাসন কাজ করে। অভিযানে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরাও প্রশাসনকে সহযোগিতা করেন।

অভিযানে আনসার সদস্য মো. সাকিরুল্লাহ, মো. আব্দুল লতিফ, মো. রবিউল ইসলাম ও মো. আলিক মিয়া অংশ নেন। অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় তৎপরতা চালিয়ে নিষিদ্ধ কিরণমালা বাইর শনাক্ত ও জব্দ করা হয়।

পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা মাছ ধরার এসব নিষিদ্ধ উপকরণ জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সংশ্লিষ্টরা জানান, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, দেশীয় মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ সংরক্ষণেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। টাঙ্গুয়ার হাওরে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে তাদের এ অংশগ্রহণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন