বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার


যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের মূল সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২) কে প্রথমে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে চক্রটির আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক পর্যায়ে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হলেও, পরবর্তী অভিযানে আরও সাতটি মোটরসাইকেল উদ্ধার হয়।

তদন্তকারীরা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে যশোর, নড়াইল ও গোপালগঞ্জসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল। এ মামলায় এখন পর্যন্ত মোট ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো—
১। হাসানুর রহমান (২২), কাশিয়ানী, গোপালগঞ্জ
২। মুরসালিন (২১), গোপালগঞ্জ সদর
৩। আজিম শিকদার (২১), গোপালগঞ্জ সদর
৪। তামিম খান (২১), কাশিয়ানী, গোপালগঞ্জ।

উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে দুইটি ইয়ামাহা আর১৫, একটি ইয়ামাহা এফজেড ভি-৩, তিনটি সুজুকি জিক্সার এবং একটি পালসার।

যশোর ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে কয়েকজন ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত ও সোর্সের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা গুলোতে সক্রিয় ছিল। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো মূল মালিকদের শনাক্ত করে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন