বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্তের সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

বুধবার ওমানের রাজপরিবারের সদস্য হিজ হাইনেস আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ওমানের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজারে আরও সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানের পরিধি বাড়ানোর সম্ভাবনার বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদ দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, ওমানের বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীরা মূল্যবান অবদান রেখে চলেছেন। বাংলাদেশ ও ওমানের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জনশক্তি খাতে সহযোগিতা বাড়লে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ রয়েছে বলে আলোচনায় উঠে আসে।

বাংলাদেশের জন্য ওমান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজারে সুযোগ সম্প্রসারণের বিষয়টি দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে ওমান দূতাবাসের ভারপ্রাপ্ত শার্জ দ্য অ্যাফেয়ার্স ফাতিয়া আহমেদ আল বালুশিসহ ওমানের প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন